ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের সাংসদ শিরীন আখতার বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা দেশের উন্নতি চায় না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যার মাধ্যমে তারা নৃশংসভাবে মানুষ হত্যা করছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। গতকাল মঙ্গলবার দুপুরে ফেনীর পরশুরামে ১৪ দল আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যা ও নৈরাজ্যবিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি এ কথা বলেন।
জাসদ নেত্রী শিরীন আখতার বলেন, সব প্রতিকূলতাকে উপেক্ষা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি, মানুষের জীবনমান উন্নয়ন করাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশের এই অগ্রগতি প্রশংসা পেয়েছে। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় ১৪ দলের ঐক্য ধরে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুপ্তহত্যা বন্ধ করতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। রাজধানীর গুলশানে ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা জানান তিনি।
পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামল করিম মজুমদারের সভাপতিত্বে ও যুবলীগের নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন মজুমদার, জাসদ নেতা কাজী আবদুল বারী, আবদুল মোমিন মজুমদার প্রমুখ।