জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। একই সঙ্গে ছাত্র-শিক্ষক সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের যারা বিপথগামী করছে তাদের বিষয়ে সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

গতকাল শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় উপাচার্যরা এসব কথা বলেন। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এ সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির নেতারা এতে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ, শিক্ষাবহির্ভূত অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ড বাড়ানো, নেতৃত্ব বিকাশের জন্য ছাত্র সংসদগুলোর নির্বাচন দেওয়ার ওপর গুরুত্ব দেন উপাচার্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান উপাচার্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখুন মেধাবী ছাত্ররা কোথায় যায়, কেন যায়। আমাদের জানান। আমরা কাজ করতে পারব।’ জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এদের সংখ্যা উল্লেখযোগ্য নয়, অতি নগণ্য। এদের বিরুদ্ধে আমরা বিজয়ী হব।’

অনুষ্ঠানের সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, চেতনা ও প্রতিরোধ প্রয়োজন। সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল করে গড়ে তোলার তাগিদ দেন তিনি। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শিক্ষক নামধারী ব্যক্তি শিক্ষার্থীদের বিপথগামী করছে। এদের খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।

স্বাগত বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, আমাদের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে। শিগগিরই এ বিষয়ে নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি জানান, ১ আগস্ট হলি আর্টিজানের ঘটনার এক মাস পূর্তিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনের আয়োজন ও জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়া হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম সচেতনতার বিষয়টি স্কুল-কলেজ পর্যায় থেকে শুরু করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্কুল-কলেজ পর্যায়ে কারা পড়াচ্ছেন, তা-ও খেয়াল করতে হবে। তিনি বলেন, ‘দেখতে হবে শিক্ষক কেমন। উপদেশ দেওয়ার অধিকার তাঁর আছে কি না। নৈতিকতা আছে কি না।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মিজান উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে তা নিয়ে আত্মানুসন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও তাহের হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে ছাত্ররাই তাঁদের হত্যা করেছে। আর তাদের প্রশিক্ষিত করেছেন কিছু শিক্ষক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুনুর রশীদ বলেন, যে ধরনের ঘটনা ঘটছে, সে বিষয়ে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। উপাচার্যদের এ বিষয়গুলো গুরুত্ব দিয়ে যথাযথ ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক মাকসুদ কামাল শিক্ষক নিয়োগের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, উপাচার্যদের মধ্যে বুয়েটের সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতেখার উদ্দিন চৌধুরী, কৃষি বিশ্ববিদ্যালয়ের আলী আকবর, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের কামরুল আহসান খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের স ম ইমামুল হক প্রমুখ।