শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে প্রয়োজন সামাজিক আন্দোলন গড়ে তোলা। জঙ্গিবাদ খারাপ এবং এটি ইসলামের শত্রু—এই আওয়াজ তুলতে হবে। আমাদের ছেলেমেয়েদের রক্ষা করতে হবে। তাদের যাতে কেউ বিভ্রান্ত করতে না পারে, সেদিকে নজর দিতে হবে। তাহলেই আমাদের শিক্ষার্থীরা লেখাপড়ায় উন্নত হবে। দেশ সমৃদ্ধ হবে।’
বরিশাল নগরের ব্রজমোহন কলেজের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মিলনায়তনে গতকাল শনিবার সকাল ১০টায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের নতুন সংকট জঙ্গিবাদ। ইসলাম কায়েমের নামে দেশবিরোধী চক্র তরুণদের বিভ্রান্ত করছে। এরা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য পরিবারকে এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু বোঝালেই হবে না। সবাই মিলে জাগরণ সৃষ্টি করতে হবে। শুধু শ্রেণিকক্ষেই পাঠদান নয়, পাঠদানে নতুনত্ব আনতে হবে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। বিতর্ক, সংগীত, নৃত্য ও কিরাত প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এর পাশাপাশি তাদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করতে হবে। শিক্ষার্থীদের বিএনসিসি, স্কাউট, গার্ল গাইডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তৃতা করেন সাংসদ তালুকদার মো. ইউনুস, জেবুন্নেছা আফরোজ, শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. সামসুল হুদা প্রমুখ।