শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, ইমাম ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আন্দোলন গড়ে তুলতে হবে।
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ মাঠে আয়োজিত ‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক শিক্ষক সমাবেশে গতকাল শনিবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা বলেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত সমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার কলেজ, মাদ্রাসা, স্কুল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ২০০ জন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর। শিক্ষকদেরও আরও সতর্ক হতে হবে। কোনো শিক্ষার্থী যেন বিপথগামী না হয়, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
প্রচলিত ও গতানুগতিক শিক্ষাব্যবস্থা দিয়ে নতুন প্রজন্মকে আধুনিক ও উন্নত বাংলাদেশের নির্মাতা হিসেবে গড়ে তোলা সম্ভব নয় বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এই শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে হলে বর্তমান যুগের সঙ্গে সংগতিপূর্ণ বিশ্বমানের শিক্ষা, প্রযুক্তি ও দক্ষতা দরকার। বর্তমান সরকার এ জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘কিছু শিক্ষক বের হয়েছেন, যাঁরা ক্লাসে পড়ান না। আলাদা টাকা দিলে বাইরে পড়ান, কোচিং করিয়ে পাস করিয়ে দেন। তার চেয়ে কিছু নিকৃষ্ট শিক্ষক আছেন, যাঁরা পরীক্ষার হলে এমসিকিউ বলে দেন। তবে ধীরে ধীরে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ রকম শিক্ষক থাকতে পারবেন না। তাঁরা শিক্ষক নামের কলঙ্ক।’
সমাবেশে শিক্ষামন্ত্রী শিক্ষা ও অন্যান্য খাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। বক্তব্য শেষে পাঠ্যপুস্তকে ভুল নিয়ে সাংবাদিকেরা মন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি এর কোনো জবাব দেননি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, মাদ্রাসা ও কারিগরি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টচার্য ও চট্টগ্রাম জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়ার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল হাসান, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ জাফর আহমদ, খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শীলা তালুকদার, বান্দরবানের লামা মাতামুহুরী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, কক্সবাজারের টেকনাফের আলী আছিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল চৌধুরী প্রমুখ। তাঁরা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার কথা শিক্ষামন্ত্রীর সামনে উপস্থাপন করেন।
বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া তিনি ফিশারিজ মিউজিয়াম (মৎস্য জাদুঘর) ও অ্যানাটমি (অঙ্গ ব্যবচ্ছেদ) মিউজিয়ামেরও উদ্বোধন করেন। এরপর শিক্ষামন্ত্রী প্রথম বর্ষের শিক্ষার্থীদের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) সমারম্ভ অনুষ্ঠানে যোগ দেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন মো. রায়হান ফারুক, ফিশারিজ অনুষদের ডিন মো. আহসানুল হক, প্রক্টর গৌতম কুমার দেবনাথ, ছাত্রকল্যাণ পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের পক্ষে সায়মা আক্তার জাফরীন, মোবাশ্বেরীন জান্নাত ও সিরাজুল ইসলাম বক্তব্য দেন।
সমারম্ভ বক্তার বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি অধ্যাপক মইনুল ইসলাম বলেন, প্রাথমিক পর্যায়ে ১১ ধরনের বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। রাষ্ট্রের পয়সায় ক্যাডেট কলেজ ও ইংরেজি মিডিয়াম স্কুল চলে। আবার গরিব, কৃষক-শ্রমিকের ছেলেমেয়েদের জন্য মাদ্রাসাও চালানো হয়। এটি একটি অসভ্যতা। এ বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থা নিয়ে বাংলাদেশ উন্নয়নের দৌড়ে অন্যান্য দেশকে হারাতে পারবে না।