জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের তাগিদ উপাচার্যদের

জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ার তাগিদ দিয়েছেন দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। একই সঙ্গে ছাত্র-শিক্ষক সম্পর্ক জোরদার, শিক্ষার্থীদের যারা বিপথগামী করছে, তাদের বিষয়ে সচেতন থাকার ওপরও গুরুত্ব দেন তাঁরা।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক মতবিনিময় সভায় তাঁরা এসব কথা বলেন। সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে এ সভার আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সেখানে দেশের সব কটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি), সহ–উপাচার্য, কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়গুলোতে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিকাশ, শিক্ষাবহির্ভূত অন্যান্য কর্মকাণ্ড বাড়ানো, নেতৃত্বের বিকাশের জন্য ছাত্রসংসদগুলোর নির্বাচন দেওয়ার ওপর গুরুত্ব দেন উপাচার্যরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপাচার্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা দেখুন মেধাবী ছাত্ররা কোথায় যায়, কেন যায়? আমাদের জানান। আমরা কাজ করতে পারব।’
জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এদের সংখ্যা উল্লেখযোগ্য নয়, অতি নগণ্য। এদের বিরুদ্ধে আমরা বিজয়ী হব।’
অনুষ্ঠানের সভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, চেতনা ও প্রতিরোধ প্রয়োজন। সে বিষয়ে আমরা উদ্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল করে গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ব্যক্তিগত যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কিছু শিক্ষক নামধারী ব্যক্তি শিক্ষার্থীদের বিপথগামী করছে। এঁদের খোঁজা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্বাগত বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে হবে।’ বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয় পড়ানো বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই এ বিষয়ে নির্দেশনা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, ১ আগস্ট হলি আর্টিজান ঘটনার এক মাস পূর্তিতে দেশের সব কটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক–শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন ও জঙ্গিবাদবিরোধী বক্তব্য দেওয়া হবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম সচেতনতার বিষয়টি স্কুল–কলেজ পর্যায় থেকে শুরু করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, স্কুল–কলেজ পর্যায়ে কারা পড়াচ্ছেন, তাও খেয়াল করতে হবে। শিক্ষকদের নৈতিক দিক থেকে দৃঢ় হওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘দেখতে হবে শিক্ষক কেমন? উপদেশ দেওয়ার অধিকার তাঁর আছে কি না? নৈতিকতা আছে কি না?’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজান উদ্দিন খান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে, তা নিয়ে আত্মানুসন্ধান করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম ও তাহের উদ্দিন হত্যার ঘটনা তুলে ধরে তিনি বলেন, এ ক্ষেত্রে ছাত্ররাই তাঁদের হত্যা করেছে। আর তাদের প্রশিক্ষিত করেছেন কিছু শিক্ষক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশীদ বলেন, যে ধরনের ঘটনা ঘটছে, সে বিষয়ে শৈথিল্য দেখানোর সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এ বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী মনিটরিং ব্যবস্থা নিতে হবে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল শিক্ষক নিয়োগের বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেন। তিনি বলেন, অনেক সময়ই শিবিরের লোকজনকে নিয়োগ দিতে সুপারিশ নিয়ে আসেন সরকারি দলের নেতা–কর্মীরা। শিবির নিয়ন্ত্রিত কোচিং সেন্টারগুলোর ওপরও নজর রাখার পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, উপাচার্যদের মধ্যে বুয়েটের সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতেখার উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আলী আকবর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কামরুল আহসান খান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের এস ম ইমামুল হক প্রমুখ।