জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের কোনো ধর্ম নেই। জঙ্গিরা মানবতার শত্রু। তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার হতে হবে। শিক্ষাঙ্গনগুলোকে জঙ্গিবাদমুক্ত করে গড়ে তুলতে হবে।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, যারা ধর্ম সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখে, তারা জঙ্গিবাদে যুক্ত হতে পারে না। প্রতিটি ধর্মই ছড়ায় সাম্য এবং একতার বাণী। বাংলাদেশ অসাম্প্রদায়িক রাষ্ট্র। যত চেষ্টা করা হোক, এই সম্প্রীতির রাষ্ট্রকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে কেউ প্রমাণ করতে
পারবে না।

জঙ্গিবাদের হাত থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে জ্ঞানচর্চা ও মুক্তিবুদ্ধি চর্চার বিকল্প নেই। জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্যে দেন সমিতির সাধারণ সম্পাদক রহমান শোয়েব, সাবেক সাধারণ সম্পাদক মণ্ডল আরিফ, সহসভাপতি আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক জমির উদ্দিন প্রমুখ।

কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান, ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন প্রমুখ।