জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো
জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গতকাল সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটে মানববন্ধন করা হয় l ছবি: প্রথম আলো

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল শুক্রবার ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন সংগঠন সমাবেশ, মানববন্ধন ও মতবিনিময় সভা করেছে। এসব কর্মসূচিতে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি ও সোচ্চার হওয়ার জন্য সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে জঙ্গিবাদ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ফেনী: জেলার সোনাগাজীতে গতকাল সকালে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকা এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়।
সোনাগাজী মডেল থানা চত্বরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর। প্রধান অতিথি ছিলেন ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) মো. আমিরুল আলম। সভায় সোনাগাজী পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি জগদীশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সমর দাস, উপজেলা ছাত্র যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ মহাজন, এনায়েত উল্যা মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরণ দাস বক্তব্য দেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে দাগনভূঞা থানা চত্বরে পুলিশের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন থানার ওসি আসলাম উদ্দিন। থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল আজিমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা বিভূতিভূষণ, সুভাষ ভৌমিক, ব্যবসায়ী নাজমুল হক ইস্কান্দার, আবুল কায়েস প্রমুখ।
সভায় জঙ্গিবাদ প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
নোয়াখালী: জঙ্গিবাদ রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল সকালে ব্যঞ্জনা খেলাঘর আসর ও বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে সংগঠন দুটির সদস্যরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা উদীচীর নেতা শহীদ উদ্দিন, রাজনীতিবিদ অজয় আচার্য, ব্যঞ্জনা খেলাঘর আসরের সভাপতি মানিক মজুমদার, সংগঠক হারুন অর-রশীদ, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তারা বলেন, যেকোনো মূল্যে এ দেশের অসাম্প্রদায়িক ঐতিহ্য সমুন্নত রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারায় সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা যুবলীগের উদ্যোগে গতকাল বিকেলে উপজেলার বন্দর সেন্টার এলাকায় এ সমাবেশ হয়। বক্তারা বলেন, এ দেশের মাটিতে কোনো অবস্থাতেই জঙ্গিবাদের ঠাঁই হবে না।
উপজেলা যুবলীগের সভাপতি আসহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। বক্তব্য দেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, রিদওয়ানুল করিম চৌধুরী, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারে গতকাল শুক্রবার সন্ধ্যায় সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। উপজেলা যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মো. আবদুল্লাহ আল্ মামুন।
সাংসদ মো. আবদুল্লাহ আল্ মামুন বলেন, জঙ্গিবাদ প্রতিরোধে যুবসমাজসহ সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে, তাদের রুখে দিতে হবে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রামগতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু নাছের ও আলেকজান্ডার আ স ম আবদুর রব সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক খলিলুর রহমান।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নোয়াখালী ও ফেনী অফিস, আনোয়ারা (চট্টগ্রাম) ও রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি]