জঙ্গিবাদের বিরুদ্ধে ১০ কিমি দীর্ঘ মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্ত্রাস চাই না, শান্তি চাই। খাতা-কলম হাতে চাই, জঙ্গি ও সন্ত্রাসবাদের অবসান চাই’—এই স্লোগানে গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বিভিন্ন কওমি মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে। চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট এলাকা থেকে পেলাগাজি দিঘি পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ মানবতার শত্রু। এই শত্রুকে মোকাবিলা করা শিক্ষার্থী, যুবসমাজসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের দায়িত্ব। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে এই অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।
বক্তারা বলেন, বিপথগামী কিছু গোষ্ঠী জঙ্গিবাদী অপতৎপরতা চালিয়ে মানুষ হত্যাসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ফটিকছড়ি শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়। সংগঠনের উপদেষ্টা শাহ মো. মহিববুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ফটিকছড়ি শাখার সাধারণ সম্পাদক মাওলানা সেলিম উল্লাহ, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সালাহ উদ্দিন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মঈন উদ্দিন রূহী, মাওলানা মাহমুদুল হক, মাওলানা আবু বক্কর, মাওলানা আনোয়ার হোসেন ফারুকী, মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী প্রমুখ।