জঙ্গিবাদের বিরুদ্ধে 'প্রতিরোধ ঘরে ঘরে' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দুপুরে লিফলেট বিলি করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো
মৌলবাদ-জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল দুপুরে লিফলেট বিলি করে গণজাগরণ মঞ্চ l ছবি: প্রথম আলো

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাসব্যাপী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি ‘প্রতিরোধ ঘরে ঘরে’ শুরু করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই কর্মসূচির উদ্বোধন হয়।
এ সময় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এই কর্মসূচির মাধ্যমে জনগণকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অনুপ্রাণিত করা হবে। সবাইকে নিজ নিজ জায়গায় সক্রিয় করে সংগঠিত করার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা হবে।
পরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে প্রচারপত্র বিতরণ ও জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানো হয়। প্রচারপত্রে বলা হয়, ‘আমরা গভীর খাদের একেবারে প্রান্তে দাঁড়িয়ে, রুখে দাঁড়াতে হবে এখনই। সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এই লড়াই শুরু হোক ঘর থেকেই।’
গণজাগরণ মঞ্চের উদ্যোগে কাল বুধবার বিকেল চারটায় শাহবাগসহ সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে এবং ২২ জুলাই, শুক্রবার একই সময়ে শাহবাগে গণমিছিলের কর্মসূচি রয়েছে। পাশাপাশি মাসব্যাপী ‘প্রতিরোধ ঘরে ঘরে’ কর্মসূচি চলবে।
আট যুদ্ধাপরাধীর রায়ে পুরোপুরি সন্তুষ্ট নয় গণজাগরণ মঞ্চ: জামালপুরের আট যুদ্ধাপরাধীর রায়ে গণজাগরণ মঞ্চ পুরোপুরি সন্তুষ্ট নয়। ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণার পর টিএসসিতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান ইমরান এইচ সরকার।