নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, জঙ্গিবাদ সমাজের বিষফোড়া। বিষফোড়া উঠলে যেমন শরীরের কষ্ট হয়, তেমনি জঙ্গিবাদ সমাজের মানুষকে সাময়িক কষ্ট দিচ্ছে। একজন ভালো সার্জন (শল্যচিকিৎসক) অস্ত্রোপচারের মাধ্যমে এ কষ্ট থেকে মুক্তি দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন সেই সার্জন। তিনি দেশের মানুষকে এই বিষফোড়ামুক্ত করবেন।
দেশব্যাপী জঙ্গিবাদ সন্ত্রাস ও ধর্মীয় উগ্রতা নির্মূলে গণসচেতনতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন গতকাল বুধবার শাহবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত পদযাত্রা করে। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
শাজাহান খান বলেন, দেড় বছর আগে খালেদা জিয়া ও জামায়াতে ইসলামী একযোগে বিভিন্ন যানবাহনে চালক-সহকারী ও যাত্রীদের ওপর পেট্রলবোমা ছুড়ে মানুষকে পুড়িয়ে মেরেছে। সে সময়ও কর্মচারী কল্যাণ ফেডারেশন সাদা পতাকা হাতে মিছিল করেছে। এরপর পেট্রলবোমা সন্ত্রাস বন্ধ হয়। আজও জঙ্গি-সন্ত্রাসের বিরুদ্ধে এ পদযাত্রার মধ্য দিয়ে দেশে জঙ্গিবাদ শেষ হবে বলে মনে করেন তিনি।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, ‘শোকের মাসে আমরা জঙ্গিবাদবিরোধী এ মিছিল করছি। দেশ এগিয়ে যাচ্ছে, এটা কিছু মানুষের পছন্দ হচ্ছে না।’
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ওয়ারেছের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচী, মহাসচিব মো. হেদায়েত হোসেন, প্রধান উপদেষ্টা মো. লুৎফর রহমান খান প্রমুখ।