জঙ্গিবাদের মতো মাদকও নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ যেভাবে নির্মূল হয়েছে, মাদকও সেভাবে নির্মূল করা হবে। মাদক একটি পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক নির্মূল করতে না পারলে যুব সমাজের মেধা নষ্ট হয়ে যাবে। গতকাল রোববার সন্ধ্যায় ফেনী শহরের মিজান ময়দানে মাদকবিরোধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফেনী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাহউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও স্বরাষ্ট্রসচিব (সুরক্ষা সেবা বিভাগ) ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।
জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবীর ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এ কে এম তরিকুল ইসলাম। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম মনিরুজ্জামান, ফেনী পৌরসভার মেয়র হাজি আলা উদ্দিন প্রমুখ। সভায় ফেনীর জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।