জঙ্গিবাদের মদদদাতাদের অবশ্যই বিচার করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াশিংটনে গত বুধবার অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা
ওয়াশিংটনে গত বুধবার অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l ছবি: ফোকাস বাংলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থ-সহায়তা ও নির্দেশ দিয়ে যাঁরা দেশে জঙ্গিবাদের মদদ দিচ্ছেন, যুদ্ধাপরাধীদের রক্ষায় পেট্রলবোমা মেরে নিরীহ জনগণকে পুড়িয়ে মারছেন, তাঁদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি হোটেলে আওয়ামী লীগের ওয়াশিংটন শাখার নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপি-জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এসব রাজনৈতিক মামলা নয়; এসব জনগণকে পুড়িয়ে মারার মামলা। যাঁরা অপরাধী, তাঁদের অবশ্যই শাস্তি পেতে হবে।
বিদেশিদের ওপর নির্ভরশীলতা ও আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের শক্তির ওপর তাঁদের কোনো আস্থা নেই।
প্রধানমন্ত্রী জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন ছাড়া তাঁর জন্মদিন পালন প্রসঙ্গে বলেন, অন্যের কল্যাণে স্বার্থত্যাগের বিষয়টি বাল্যকালেই তিনি বাবা-মায়ের কাছে শিখেছেন। তিনি বলেন, ‘জন্মদিন উদ্যাপনের জন্য কেক কাটা আমার পছন্দ নয়। দেশের নির্যাতিত ও নিপীড়িত জনগণের মুখে হাসি ফোটাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করাই আমার একমাত্র লক্ষ্য।’
প্রধানমন্ত্রী ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার পর নিজের বেদনাদায়ক অভিজ্ঞতা স্মরণ করে বলেন, বিদেশে প্রায় ছয় বছর তিনি উদ্বাস্তু জীবন কাটিয়েছেন। কঠিন সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁর পাশে দাঁড়িয়েছেন।
বৈঠকে প্রধানমন্ত্রী কীভাবে তাঁর সরকারের অধীনে দেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করেছে; বিদ্যুৎ-সংকটের সমাধান করেছে; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে; কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্রদের স্বাস্থ্যসেবা দিচ্ছে; দেশ ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছে সেসব বিষয়ও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সহিংস চরমপন্থার বিরুদ্ধে প্রবাসীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে অনেক বাংলাদেশিকে জীবন দিতে হয়েছে। এখানে প্রবাসী বাংলাদেশিদের হত্যা গ্রহণযোগ্য নয়।