জঙ্গিবাদের মদদদাতাদের খুঁজে বের করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গতকাল চট্টগ্রামে শোভাযাত্রা বের করেন ১৪ দলের নেতারা। ছবিটি বিকেলে নগরের চকবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো
সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে গতকাল চট্টগ্রামে শোভাযাত্রা বের করেন ১৪ দলের নেতারা। ছবিটি বিকেলে নগরের চকবাজার এলাকা থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রামে ১৪ দল আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে বক্তারা বলেছেন, জঙ্গিদের মদদদাতা ও অর্থ জোগানদাতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ প্রতিরোধে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
গতকাল শনিবার বিকেলে নগরের চকবাজারের গুলজার মোড়ে এ সমাবেশ হয়। জঙ্গিবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগের অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১৪ দল চট্টগ্রামের সমন্বয়ক এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ ১৪ দলের নেতারা।
মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘জামায়াত বিএনপির মধ্যে ঘাপটি মেরে আছে। তাদের অনেকে জঙ্গিদের মদদ দিচ্ছে। সরকারের কাছে আবেদন, জঙ্গিবাদের মদদদাতা ও অর্থ জোগানদাতাদের ধরে আইনের আওতায় আনতে হবে।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তখন পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। জঙ্গিদের বিরুদ্ধে সাধারণ মানুষের যুদ্ধে জয়ী হতেই হবে।
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী ও নঈম উদ্দিন চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাম্যবাদী দলের অমূল্য বড়ুয়া, নজরুল ইসলাম আশরাফী, আওয়ামী লীগ নেতা ইফতেখার সাইমুল চৌধুরী, নোমান আল মাহমুদ, শফিক আদনান, শফিকুল ইসলাম প্রমুখ।
সমাবেশ চলাকালে কয়েকজন কর্মীর মধ্যে হাতাহাতি হলে উত্তেজনা দেখা দেয়। তবে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তা বেশি দূর গড়াতে পারেনি। সমাবেশ শেষে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।