জঙ্গিবাদের শাস্তি অবশ্যই হবে: শেখ হাসিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। যারা বোমা মারবে, আগুন দেবে, তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করুন। তাদের ক্ষমা নাই। জঙ্গিবাদের শাস্তি অবশ্যই হবে।’
গতকাল বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘প্রতিটি মানুষকে জঙ্গিবাদের ব্যাপারে সচেতন করতে হবে। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলব। কেউ দেশের ক্ষতি করলে তার কোনো ক্ষমা নাই।’ তিনি বলেন, খালেদা জিয়া জ্বালাও-পোড়াও করে দুর্নীতির মামলা থেকে রেহাই পেতে চান। যুদ্ধাপরাধীদের বাঁচাতে চান। তবে মানুষ পুড়িয়ে শেষ রক্ষা হবে না। তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে শান্তিতে রাখতে বিভিন্ন পদক্ষেপ নিই। খালেদা জিয়া এসব সহ্য করতে পারেন না। মানুষের ওপর তাঁর অনেক ক্ষোভ। তিনি মানুষ পুড়িয়ে মারেন। আমরা শিক্ষার্থীদের নতুন বই দিই। তিনি সেই বই পুড়িয়ে ফেলেন। আমরা সৃষ্টি করি, তিনি ধ্বংস করেন।’
প্রধানমন্ত্রী বলেন, যখন ১৫ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দিতে শুরু করবে, তখন থেকেই খালেদা জিয়া হরতাল ডাকা শুরু করলেন। যেন পরীক্ষায় বাধা দেওয়াই তাঁর কাজ। একইভাবে পেট্রলবোমা আর ককটেল মেরে তিনি মানুষ মারছেন। এ কাজে তিনি নিজের দলের সন্ত্রাসী বাহিনী ও জামায়াত-শিবিরকে ব্যবহার করছেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন দেশের উন্নয়ন করে যাচ্ছি, তখন তাঁর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন এ উন্নয়ন এবং এ দেশ গঠনে বাধা দেওয়াই তাঁর কাজ। তিনি কেবল বই পোড়ান না, পেট্রলবোমা-ককটেল মেরে নিষ্পাপ শিশুদেরও পুড়িয়ে মারেন। এসব ঘটনা দেখলে কোন বাবা-মা চাইবেন তাঁর ছেলেমেয়েকে স্কুলে দিতে? সেখানেই যেন খালেদা জিয়ার সফলতা।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন তাঁর সহ্য হয় না। তাঁর দিলে তো পেয়ারে পাকিস্তান। তাই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হোক তিনি তা চান না। যেখানে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো মন্দার সময় উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে পারেনি, সেখানে আমরা অর্থনৈতিক উন্নয়নসহ সার্বিক অগ্রযাত্রা অব্যাহত রেখে যাচ্ছি। এটা বিএনপি নেত্রীর সহ্য হচ্ছে না।’
আলোচনা সভায় আরও বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আবদুল মান্নান খান, কামরুল ইসলাম, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম প্রমুখ।