জঙ্গিবিরোধী দুর্গ গড়তে বাণিজ্যমন্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ । ফাইল ছবি
তোফায়েল আহমেদ । ফাইল ছবি

জনগণকে সঙ্গে নিয়ে প্রত্যেক জেলায় জঙ্গি ও সন্ত্রাসবিরোধী দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার সন্ত্রাস ও জঙ্গিবাদ কঠোরভাবে দমন করছে।
জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে মন্ত্রিপরিষদ বিভাগে জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে বেরিয়ে তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘দেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিদ্যমান আছে। ডাচ্‌-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. হাসান খালেদের মৃত্যুর ঘটনাটি “বিচ্ছিন্ন” ঘটনা। এ জন্য আমরা দুঃখিত। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছে।’

বাণিজ্যমন্ত্রী জেলা পর্যায়ে বহুধাপ বিপণন (এমএলএম) কার্যক্রম যাতে কেউ নতুন করে করতে না পারে, সে জন্য জেলা প্রশাসকদের নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

জেলা প্রশাসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, রপ্তানির জন্য প্রত্যেক জেলায় একটি পণ্য নির্দিষ্টকরণ করতে হবে।

এ ছাড়া জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলায় বিসিকের জমি খালি পড়ে আছে। এগুলো চিহ্নিত করে পরিকল্পিত শিল্প নগরী গড়তে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় সুপারিশ করতে আহ্বান জানান।