জঙ্গিবিরোধী ফতোয়ার প্রক্রিয়া নিয়ে আপত্তি আলেমদের একাংশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে জঙ্গি তৎপরতার বিরুদ্ধে এক লাখ আলেমের স্বাক্ষরের মাধ্যমে যে ফতোয়া ঘোষণা করা হয়েছে, আলেমদের একটি অংশ তার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে।
ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ফয়জুল্লাহ বলেছেন, ইসলামী আইনে কেবল বিশেষজ্ঞ মুফতিরাই ফতোয়া দিতে পারেন। তিনি বলেন, এক লাখ স্বাক্ষরকারীর একটি বড় অংশ মুফতি না হওয়ায় ওই ফতোয়া গ্রহণযোগ্য হবে না।
এ বিষয়ে ফতোয়া ঘোষণাকারী মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ বলেছেন, রাজনৈতিক চিন্তা থেকে জঙ্গিবিরোধী ফতোয়া নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
পরপর কয়েকটি গুপ্তহত্যার প্রেক্ষাপটে কয়েক দিন আগে ‘ধর্মের নামে মানুষ হত্যাকারীরা জাহান্নামে যাবে’—এ ধরনের ১০টির মতো ফতোয়া ঘোষণা করেছিলেন কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানের ইমাম ফরিদ উদ্দিন মাসউদ। ওই ফতোয়া প্রণয়নের ক্ষেত্রে সমর্থক হিসেবে এক লাখ আলেমের স্বাক্ষর নেওয়ার কথা বলা হয়েছে।
ইসলামী ঐক্যজোটের একাংশের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, যেসব মানুষের সই নেওয়ার কথা বলা হচ্ছে, তাঁরা প্রত্যেকে মুফতি কি না, প্রত্যেকের সার্টিফিকেট আছে কি না অথবা ফতোয়া দেওয়ার অধিকার ও ক্ষমতা আছে কি না, এই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে।
ফতোয়া দেওয়ার ব্যাপারে ২০১১ সালে আপিল বিভাগ যে রায় দিয়েছিলেন, তাতে বলা হয়, যথাযথ শিক্ষিত ব্যক্তিরা ধর্মীয় বিষয়ে ফতোয়া দিতে পারবেন। সেখানে বিশেষ কোনো শ্রেণির কথা উল্লেখ করা হয়নি।