জঙ্গিবিরোধী বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে আবারও জঙ্গিবিরোধী অভিযানে নামছে পুলিশ। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে কয়েকজন আত্মঘাতী জঙ্গি নিহত হওয়ার পর নতুন করে এই অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। তবে অভিযানের দিনক্ষণ এখনো ঠিক হয়নি।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মনিরুজ্জামান (এআইজি-গোপনীয়) বলেন, দু-এক দিনের মধ্যে অভিযানের দিনক্ষণ ঠিক করা হবে। অভিযান চলবে এক সপ্তাহ। র্যা বসহ পুলিশের সব ইউনিট এতে যুক্ত হবে।
এর আগে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী নিহত হওয়ার পর গত বছরের ১০ জুন সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ১৯৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ সদর দপ্তরের একটি সূত্র বলেছে, সারা দেশে পুলিশের তালিকাভুক্ত জঙ্গির সংখ্যা প্রায় ৩ হাজার। তাদের মধ্যে গত মঙ্গলবার পর্যন্ত ৬৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি ২ হাজার ২৪৩ জঙ্গি ধরাছোঁয়ার বাইরে আছে। আবার অনেক জঙ্গি জামিনে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ রয়েছে। পুলিশ সদর দপ্তর ও কারা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, কতজন জঙ্গি জামিনে বেরিয়েছে, সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য নেই।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণের জন্য ‘স্পেশাল টাস্কফোর্স গ্রুপ (এসটিজি)’ নামে পুলিশের বিভাগ আছে। তারা সারা দেশের জঙ্গিদের একটি তথ্যভান্ডার তৈরি করেছে। গত বছরের জানুয়ারিতে এই তথ্যভান্ডার তৈরির কাজ শেষ হয়। তাতে দেশে সক্রিয় বিভিন্ন জঙ্গি সংগঠনের মোট তিন হাজার সদস্যের নাম তালিকাভুক্ত করা হয়। তাদের তথ্যভান্ডারে যেসব জঙ্গির নাম রয়েছে, তারা জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি), নব্য জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হরকাতুল জিহাদ, হিযবুত তাহ্রীর প্রভৃতি দলের সদস্য বলে জানা গেছে।
১৭ মার্চ রাজধানীর আশকোনায় র্যা বের ব্যারাকে আত্মঘাতী বিস্ফোরণে ও ২৪ মার্চ রাজধানীর বিমানবন্দরের গোল চত্বরে পুলিশের তল্লাশিচৌকির কাছে বোমা বিস্ফোরণে এক জঙ্গি নিহত হওয়ার পর সব জেলার পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।