জঙ্গিবিরোধী মতবিনিময় সভা ও মিছিল
কুড়িগ্রাম জেলা পুলিশিং সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার আদর্শ মজিদা মহাবিদ্যালয়ে জঙ্গিবিরোধী মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তবারক উল্ল্যাহ। এ ছাড়া দিনাজপুরের পার্বতীপুরে জঙ্গিবিরোধী মিছিল হয়েছে।
কুড়িগ্রামে সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সিরাজুল ইসলাম, পুলিশিং সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, অধ্যক্ষ খাজা শরীফ উদ্দিন আহাম্মেদ, সহকারী অধ্যক্ষ উদয় চক্রবর্তী, শিক্ষক উজ্জ্বল কুমার সাহা, আজগর আলী ও অজয় কুমার রায়।
বক্তারা বলেন, এ দেশের মানুষ জঙ্গিবাদকে প্রশ্রয় দেবে না। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছে, তারা কখনো জঙ্গিবাদের হাতে দেশ ছেড়ে দেবে না। এ জন্য জেলা পুলিশিং কমিটি জনগণের সমন্বয়ে প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলায় সমাবেশ করে জনগণকে ঐক্যবদ্ধ ও সচেতন করে জঙ্গিবাদ মোকাবিলা করবে।
এদিকে পার্বতীপুরে গতকাল আওয়ামী লীগ-সমর্থক গোষ্ঠী জঙ্গিবিরোধী ওই মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে জঙ্গিবাদ নিপাত যাক, দেশের গণতন্ত্র উন্নতি বজায় থাক ইত্যাদি স্লোগান দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি কাউন্সিলর মঞ্জুরুল হক। এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। মিছিলটি শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।