জঙ্গিবিরোধী মানববন্ধন
জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গাইবান্ধায় গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। একই দিন দিনাজপুরের হাকিমপুরে জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী আলোচনা সভা হয়েছে।
গাইবান্ধা শহরের কলেজ রোডে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ওই মানববন্ধন করে গাইবান্ধা সিরাতুল মুসতাক্বীম ক্যাডেট মাদ্রাসা। এতে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গাইবান্ধা পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর, পৌরসভার কাউন্সিলর রফিকুল হাসান, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য শহিদুল ইসলাম ও সাইদুজ্জামান, মাদ্রাসার অধ্যক্ষ রাবেয়া বেগম, শিক্ষক আবদুল হান্নান, গোলাম মোস্তফা প্রমুখ।
এদিকে দুপুরে হাকিমপুরের বাংলা হিলি পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকবিরোধী ওই আলোচনা সভা হয়। বাংলা হিলি পাইলট উচ্চবিদ্যালয়ের সভাপতি আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ শিবলী সাদিক। আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, পৌর মেয়র জামিল হোসেন, হিলি আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক প্রমুখ। এর আগে সাংসদ হাকিমপুর পৌর কার্যালয়ে ভিজিডি, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ এবং পলি গঙ্গাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করেন।