জঙ্গিবাদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে র্যালি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের হয়। এতে উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়া ছাড়াও কোষাধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সেন্টার অব অ্যাক্সিলেনসের পরিচালক মো. আখতারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য এস এম হাসান জাকিরুল ইসলাম, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. কবির হোসেন, পরিবহন প্রশাসক জহির বিন আলম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মুজিবুর রহমান, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য বলেন, স্বাধীন ও সার্বভৌম এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। শান্তি ও মানবতার ধর্ম ইসলাম জঙ্গিবাদ সমর্থন করে না। ঐক্যবদ্ধভাবে জঙ্গি তৎপরতা প্রতিহত করা হবে।