জঙ্গির মদদদাতা ইসরায়েল: বাণিজ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পৃথিবীর সব দেশে জঙ্গি হামলা হচ্ছে, একমাত্র ইসরায়েল ছাড়া। এ থেকে বোঝা যায় ইসরায়েল জঙ্গির মদদদাতা। তিনি আজ শনিবার ভোলায় জঙ্গি, সন্ত্রাস ও গুপ্তহত্যা বিরোধী দুটি সমাবেশে এমন মন্তব্য করেন।

আজ দুপুর ১২টার দিকে ভোলার বাংলা স্কুল মাঠের ভাসানী মঞ্চে জেলা আওয়ামী লীগ এবং দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন এই সমাবেশ দুটির আয়োজন করে।

বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ (ভোলা সদর) আসনের সাংসদ তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‌১৯৭১ সালে যেমন বঙ্গবন্ধুর ডাকে ঘরে ঘরে দুর্গ গড়ে দেশ স্বাধীন করেছিলাম; এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঘরে ঘরে জঙ্গিবিরোধী দুর্গ গড়ে তুলতে হবে। সন্তানকে চোখে চোখে রাখতে হবে। জঙ্গি মোকাবিলায় যারা বিএনপি-জামায়াতকে নিয়ে ঐক্যের কথা বলেন, তাঁরা বাংলার মানুষের সঙ্গে তামাশা করছেন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, যারা মানবতাবিরোধী, যারা ৭১ সালে মাকে হত্যা করেছে, বোনের ইজ্জত নিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, যে দলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে; সেই দলের সঙ্গে কখনো ঐক্য হতে পারে না। জঙ্গি প্রতিরোধে প্রধানমন্ত্রীর ডাকে জাতি ঐক্যবদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন।