জঙ্গিরা এখনো তলে তলে সক্রিয়: কাদের
জঙ্গিরা প্রকাশ্যে দুর্বল হলেও তলে তলে তারা এখনো সক্রিয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতা ও উগ্রবাদমুক্ত দেশ গড়ে তুলতে হবে। মেধাবীরা রাজনীতিতে না এলে রাজনীতি মেধাশূন্য হয়ে পড়বে। গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘হলি আর্টিজানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর বোধ হয় এ ধরনের ঘটনা ঘটবে না। সব অবদমিত হয়ে গেছে, আমরা প্রতিরোধ করে ফেলেছি। আমাদের আত্মসন্তুষ্টির কারণ থাকতে পারে। প্রকাশ্যে তারা দুর্বল। কিন্তু আরও বড় ধরনের হামলা করার জন্য তারা তলে তলে সক্রিয়।’ তিনি বলেন, ‘শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে প্রায়ই শুনি কিশোর-কিশোরীরা আত্মহত্যা করে। কেন তারা এমনটা করে? কোনো কারণে হতাশ হলে, তা কাটিয়ে একে উপভোগ করতে হবে।’
স্বর্ণ-কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ফারজানা ব্রাউনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।