চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের ইমাম শাহ আলম নঈমীর ওপর হামলায় জামায়াত-শিবির চক্র ও জঙ্গিরা জড়িত বলে দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত। হামলার ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
গতকাল শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই দাবি করেন সংগঠনের উত্তর জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইব্রাহীম আলকাদেরী।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্থানীয় জনগণ হামলাকারী যুবক সালাহ উদ্দিনকে পুলিশের কাছে সোপর্দ করলেও প্রশাসন এখনো তাঁকে জিজ্ঞাসাবাদ করেনি। এখানে প্রশাসনের ভূমিকা রহস্যজনক। অবিলম্বে এ ঘটনায় জড়িত সবাইকে খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান সুন্নাত ওয়াল জামাআতের নেতারা।
২০ মার্চ ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের পাইন্দং গ্রামের আশরাফাবাদ দরবার শরিফের মসজিদে মাগরিবের নামাজের সময় ইমাম নঈমীকে ছুরিকাঘাত করেন সালাহ উদ্দিন নামের এক যুবক।