পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, জঙ্গিরা দুর্বল হয়ে পড়েছে। তাদের আরও নিয়ন্ত্রণে আনা হবে।
সিলেটের জঙ্গি আস্তানার কাছে বোমার বিস্ফোরণে নিহত র্যা বের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জন্য আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠান শেষে আইজিপি শহীদুল হক এ কথা বলেন।
গতকাল মঙ্গলবার বাদ আসর র্যা ব সদর দপ্তরের বহুমুখী হলে নিহত আজাদের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে আইজিপি এ কে এম শহীদুল হক, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, র্যাব সদর দপ্তরের কর্মকর্তারা, র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের প্রধানসহ র্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিলেন র্যাবের নিহত গোয়েন্দাপ্রধান আজাদের বড় ছেলে আফনান ইশরাক ও তাঁর ছোট ভাই ইউসুফ হাসান।
আইজিপি শহীদুল হক সাংবাদিকদের বলেন, ‘সিলেটের ঘটনা থেকে আমরা শিক্ষা নিয়েছি। লে. কর্নেল আজাদ ও পুলিশের দুজন পরিদর্শক দেশের জন্য জীবন দিয়েছেন। তবে আর যেন কেউ এ ধরনের জঙ্গি কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থেকে কাজ করতে হবে।’
নতুন করে জঙ্গি রিক্রুটমেন্ট বন্ধের বিষয়ে সবার সহায়তা চেয়ে শহীদুল হক বলেন, ‘জঙ্গিবাদ নিয়ন্ত্রণে পুরো সমাজ, জনগণ ও পরিবার—সবাইকে এগিয়ে আসতে হবে। বর্তমানে দেখা গেছে, জঙ্গিদের কেউ শিক্ষিত না, কেউ রিকশা চালায়, কেউ সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের ধরে এনে জঙ্গি বানানো হচ্ছে।’