জঙ্গিরা পৃথিবীতে ধার্মিকদের বসবাস কঠিন করে দিচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর উত্তরার আশকোনা হাজি ক্যাম্পে গতকাল সকালে হজ কার্যক্রমের উদ্বোধন এবং হাজিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস
রাজধানীর উত্তরার আশকোনা হাজি ক্যাম্পে গতকাল সকালে হজ কার্যক্রমের উদ্বোধন এবং হাজিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা l বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইসলাম ধর্মকে কলুষিত করার অপচেষ্টাকারী মানুষ-হন্তারক সন্ত্রাসী ও জঙ্গিরা পৃথিবীতে ধার্মিকদের বসবাস কঠিন করে দিচ্ছে। রাজধানীর উত্তরার আশকোনা হাজি ক্যাম্পে গতকাল বুধবার সকালে ‘হজ কার্যক্রম, ২০১৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা খুনখারাবি করে আমাদের পবিত্র ধর্মকে হেয়প্রতিপন্ন করছে, তাদের বিরুদ্ধে সমগ্র জাতিকে সোচ্চার হতে হবে। তারা মানুষ খুন করে কী অর্জন করছে জানি না। কিন্তু আমরা যারা ধর্ম পালন করি, তাদের পৃথিবীতে বসবাস করাটা কঠিন করে দিচ্ছে।’
প্রধানমন্ত্রী জঙ্গিবাদ সম্পর্কে বলেন, ‘বাবা-মা, অভিভাবক, শিক্ষক থেকে শুরু করে সবাইকে যার যার কর্মস্থলে সজাগ থাকতে হবে। আর কেউ যেন বিপথে যেতে না পারে। বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ। এখানে জঙ্গি-সন্ত্রাসের কোনো ঠাঁই হবে না। আর ইসলাম ধর্মও সে অনুমতি দেয় না।’
ধর্ম মন্ত্রণালয় সূত্রমতে, এ বছর প্রায় ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী বাংলাদেশ থেকে পবিত্র হজে অংশ নেবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৬ হাজার ৫৫৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ আদায় করবেন।
হজ ব্যবস্থাপনাকে সরকার সুষ্ঠু কাঠামোবদ্ধ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যাঁরা এ বছর নিবন্ধন করেও হজে যেতে পারেননি, তাঁরা আগামীবার যেন অগ্রাধিকার পান, সে বিষয়ে সরকার খেয়াল রাখবে। তিনি বিষয়টির প্রতি সতর্ক দৃষ্টি রাখতে ধর্ম মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
সৌদি আরবের জেদ্দায় হাজিদের অসুবিধা দূর করতে সরকারের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে সেখানে টার্মিনালে গিয়ে অনেককে বসে থাকতে হতো। এখন আমরা নিজস্ব উদ্যোগে সেখানে একটি প্লাজা ভাড়া নিয়েছি। যেখানে হাজিদের মালপত্র আনা-নেওয়া, তথ্যপ্রযুক্তিসহ সব সুবিধা দেওয়ার পাশাপাশি চিকিৎসাসেবারও সুযোগ থাকবে।’ প্রধানমন্ত্রী আশকোনা হাজি ক্যাম্পের উন্নয়নে এবং হাজিদের প্রশিক্ষণ প্রদানে তাঁর সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন।
বাংলাদেশ থেকে বেশিসংখ্যক মানুষকে হজে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী সৌদি বাদশাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার যেকোনো দেশের হজ ব্যবস্থাপনার চেয়ে বাংলাদেশ এগিয়ে। এ জন্য সৌদি হজ মন্ত্রণালয়ও বাংলাদেশের ব্যাপক প্রশংসা করেছে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বজলুল হক হারুন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় সাংসদ সাহারা খাতুন এবং বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইয়িরি। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল জলিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা: বাসস জানায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এক সভা গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারপারসন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
ট্রাস্টের অন্যান্য সদস্যের উপস্থিতিতে সভায় একটি শোক প্রস্তাব এবং জাতির পিতার ৪১তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সহকারী কিউরেটর নির্মল কান্তি দাস গুপ্তের মৃত্যুতে আরেকটি শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা করে বিভিন্ন প্রকল্প এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।