জঙ্গিরা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি : ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু । ফাইল ছবি
হাসানুল হক ইনু । ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া যতই বিভ্রান্তির চেষ্টা করুক না কেন, যুদ্ধাপরাধীদের মতো জঙ্গিদেরও বাঁচাতে পারবেন না। জঙ্গি পরিচয় নিয়ে বিভ্রান্তির কিছু নেই। ওরা বঙ্গবন্ধুর খুনিদের মতোই আত্মস্বীকৃত খুনি।

আজ বুধবার বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে জঙ্গিবাদবিরোধী মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে জঙ্গি দমনের যুদ্ধটা রাজনৈতিক কর্তব্য। যারা জঙ্গি দমনের যুদ্ধ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন, তাঁরা জঙ্গি দমনের সাফল্যকে আটকাতে চাইছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রস্তুতি হিসেবে তাঁর দলকে গোছানোর নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সঙ্গে নির্বাচনের সময় হেরফের হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন যথাসময়ে সাংবিধানিকভাবেই হবে, কেউ তা আটকাতে পারবে না।

এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলিম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন ও পৌর মেয়র শামিমুল হকসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।