
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা বলি নাই জঙ্গি নির্মূল করেছি, শিকড় উপড়ে দিয়েছি। আমরা বলছি, আমরা নিয়ন্ত্রণ করেছি।’ গতকাল মঙ্গলবার বিকেলে রাজশাহীতে নবনির্মিত পবা থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এরা (জঙ্গি) বসে থাকবে না, এরা মাঝেমধ্যেই আত্মপ্রকাশ করবে। আমরা মনে করি জনগণ যখন আমাদের সঙ্গে আছে, কেউ আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।’
আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিনেতা মুফতি হান্নানকে বহনকারী প্রিজন ভ্যানে হামলা হয়েছে। তবে পুলিশের সতর্কতার জন্য বোমা বহনকারীদের ধরে ফেলা সম্ভব হয়েছে। জনগণ সহযোগিতা করেছে। তিনি বলেন, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটকে সারা দেশে শক্তিশালী করার জন্য কাজ চলছে।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী নগরের শাহ মখদুম থানার নবনির্মিত ভবন উদ্বোধন করেন।