জঙ্গিরা যেন পালাতে না পারে, সে জন্য সতর্কতা জারি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত ছয়জন যাতে দেশ থেকে পালাতে না পারেন, সে জন্য বিমানবন্দর, নৌ ও স্থলবন্দরসহ সব জায়গায় সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শুক্রবার তিনি তাঁর ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুরস্কার ঘোষিত এই ছয়জনের ওপর নজর রাখা হচ্ছিল। এরা সেই জঙ্গি, যারা বিনা কারণে মানুষ হত্যা করে। আপনারা কলাবাগানের মতো আরও নৃশংস হত্যাকাণ্ড দেখেছেন। এরা নানা নামে কর্মকাণ্ড চালাচ্ছে। জঙ্গিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য সব ব্যবস্থা নিয়েছি।’ তিনি জঙ্গিদের ধরিয়ে দিতে জনসাধারণের সহযোগিতা চেয়েছেন।
বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায়সহ কমপক্ষে ১০ জন লেখক, ব্লগার ও ভিন্নমতাবলম্বী খুনের ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ছয়জনের ছবি ও নাম প্রকাশ করে তাঁদের ধরিয়ে দিতে দুই থেকে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে। ডিবি বলেছে, তাঁরা উগ্র জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। তবে তাঁদের পরিচয় ও ঠিকানা প্রকাশ করা হয়নি।
ওই ছয়জনের নাম হলো শরিফুল ওরফে সাকিব ওরফে শরিফ ওরফে সালেহ ওরফে আরিফ ওরফে হাদী-১, সেলিম ওরফে ইকবাল ওরফে মামুন ওরফে হাদী-২, সিফাত ওরফে সামির ওরফে ইমরান, আ. সামাদ ওরফে সুজন ওরফে রাজু ওরফে সালমান ওরফে সাদ, শিহাব ওরফে সুমন ওরফে সাইফুল ও সাজ্জাদ ওরফে সজিব ওরফে সিয়াম ওরফে শামস।
অভিজিৎ রায় ও কলাবাগানে জোড়া (জুলহাজ মান্নান ও মাহবুব রাব্বী তনয়) খুনের মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির অতিরিক্ত উপকমিশনার রাজীব আল মাসুদ গতকাল প্রথম আলোকে বলেন, ধরিয়ে দিতে পুরস্কার ঘোষিত এই ছয় জঙ্গিকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য সব স্থানে অভিযান চালানো হচ্ছে। তাঁদের ধরতে এখন সবচেয়ে বেশি দরকার জনগণের সহযোগিতা। জনগণকে তাঁদের সম্পর্কে তথ্য দিতে তিনি অনুরোধ জানান।