আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, চারদলীয় জোট সরকারের পৃষ্ঠপোষকতায় জঙ্গিরা সামরিক প্রশিক্ষণ নিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালায়।
গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ ২১ আগস্ট গ্রেনেড হামলা-সংক্রান্ত দুটি মামলায় দেওয়া সাক্ষ্যে সাবেক মন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এসব কথা বলেন। তিনি এর আগে ৫ জানুয়ারি আংশিক সাক্ষ্য দেন। গতকাল তাঁর সাক্ষ্য শেষ হয়। এরপর তাঁকে তিনজন আসামির পক্ষে আংশিক জেরা করা হয়।
গতকাল সাক্ষ্যে মহীউদ্দীন খান আলমগীর বলেন, ঘটনাস্থলের ৩০০ গজের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের সদর দপ্তর অবস্থিত হলেও গ্রেনেড হামলার পর তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এতে বোঝা যায় যে এ ঘটনায় তাদের প্রত্যক্ষ মদদ ছিল। তিনি বলেন, গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করা হয়েছিল। ওই হামলায় যে গ্রেনেড ব্যবহার করা হয়েছে, তা বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে থাকে। তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সামরিক প্রশিক্ষণ নিয়ে জঙ্গিরা এ হামলা করে।
সাক্ষ্য শেষে আসামি সাবেক পুলিশ কর্মকর্তা আশরাফুল হুদা, শহুদুল হক ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবীরা মহীউদ্দীন খান আলমগীরকে জেরা করেন। বাকি জেরার জন্য আজ মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আবু আবদুল্লাহ ভূঁইয়া ও আকরাম উদ্দিন।
গতকাল পর্যন্ত এ মামলায় ২০৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এঁদের মধ্যে ২০৫ জনের জেরা শেষ হয়েছে। ঢাকার কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে মামলার বিচারকাজ চলছে।