জঙ্গিরা স্বাভাবিক জীবনে ফিরলে সাধারণ ক্ষমা করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘যাঁরা জঙ্গি হয়েছেন তাঁদের প্রতি অনুরোধ, সঠিক পথে ফিরে আসুন। স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবারের অশান্তি দূর করুন। আইনশৃঙ্ক্ষখলা বাহিনী এ ক্ষেত্রে সহযোগিতা দেবে। সরকারও তাঁদের সাধারণ ক্ষমা করবে।’

গতকাল রোববার দুপুরে কক্সবাজারে হোটেল দ্য কক্স টু ডের সম্মেলনকক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

শহীদুল হক বলেন, ইসলামের নামে মানুষ হত্যা করে সন্ত্রাস-নাশকতা চালিয়ে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, বেহেশতের কথা বলে ছেলেদের জঙ্গিবাদে নামিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে মা-বাবাদের আরও বেশি সচেতন হতে হবে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন প্রমুখ।