জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘যাঁরা জঙ্গি হয়েছেন তাঁদের প্রতি অনুরোধ, সঠিক পথে ফিরে আসুন। স্বাভাবিক জীবনে ফিরে এসে পরিবারের অশান্তি দূর করুন। আইনশৃঙ্ক্ষখলা বাহিনী এ ক্ষেত্রে সহযোগিতা দেবে। সরকারও তাঁদের সাধারণ ক্ষমা করবে।’
গতকাল রোববার দুপুরে কক্সবাজারে হোটেল দ্য কক্স টু ডের সম্মেলনকক্ষে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন। সভায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
শহীদুল হক বলেন, ইসলামের নামে মানুষ হত্যা করে সন্ত্রাস-নাশকতা চালিয়ে জঙ্গিরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, বেহেশতের কথা বলে ছেলেদের জঙ্গিবাদে নামিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে মা-বাবাদের আরও বেশি সচেতন হতে হবে। বাংলাদেশকে জঙ্গিদের উর্বর মাটি করতে দেওয়া যাবে না।
আইজিপি বলেন, কক্সবাজারে কয়েক লাখ রোহিঙ্গার বসবাস। রোহিঙ্গাদের সন্দেহের দৃষ্টিতে রাখতে হবে। তাদের একটি জঙ্গি সংগঠন আছে।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. মুসলিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তব্য দেন রামু কেন্দ্রীয় সীমা বিহারের সহকারী পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকী, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুহাম্মদ শাহজাহান, কক্সবাজার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান চৌধুরী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় সাংবাদিক আবু তাহের বলেন, কক্সবাজারে মিয়ানমারের পাঁচ লাখের বেশি রোহিঙ্গা নাগরিক বাস করছে। তাদের মধ্যে প্রায় ২০০ আফগানফেরত জঙ্গি রয়েছে। টেকনাফের রোহিঙ্গা শিবিরে আনসার কমান্ডারকে হত্যা করে ১১টি অস্ত্র লুটের ঘটনায় রোহিঙ্গারা জড়িত বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে। লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের ওপর নজরদারি না বাড়ানো গেলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হবে।
হোটেল মালিক আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিশ্বের দীর্ঘতম এই সৈকতে লাখ লাখ পর্যটকের সমাগম ঘটে। পর্যটকদের নিরাপত্তা নির্বিঘ্ন করতে হলে যত্রতত্র রোহিঙ্গাদের বিচরণ ঠেকাতে হবে।
বাবুল শর্মা বলেন, আইএসের নামে দুটি চিঠি দিয়ে ৩০ জুলাইয়ের মধ্যে কক্সবাজারের ১০টি হিন্দু মন্দিরে হামলার হুমকি দেওয়া হয়েছে। এ নিয়ে হিন্দু সম্প্রদায় উদ্বিগ্ন। তিনি বলেন, ‘ঘটনা ঘটার পরে আমরা সাহায্য চাই না, ঘটনার আগে নিরাপত্তা চাই।’
প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ২০১২ সালে রামু বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় বিশ্ববিবেক নাড়া দিয়েছিল। ‘সবার উপরে মানুষ সত্য’ এই বাণী মনে ধারণ করে জঙ্গিবাদ-নাশকতা বন্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, সীমান্ত চোরাচালান, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি বিজিবি সদস্যরা রামু, উখিয়া ও কক্সবাজারের বিভিন্ন ধর্মীয় স্থাপনায় নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছেন।
কানিজ ফাতেমা বলেন, সন্তানদের জঙ্গি তৎপরতা থেকে মুক্ত করতে মায়েদের চোখ-কান খোলা রাখতে হবে।
অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী বলেন, ১৮-২৪ বছর বয়সী শিক্ষার্থীরাই সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। সন্তানদের গতিবিধি নজরে রাখতে হবে।
আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা বলেন, মিয়ানমারের ইয়াবা তরুণসমাজকে ধ্বংস করে দিচ্ছে। সমুদ্রপথে পাচার হচ্ছে ইয়াবার চালান। সাগরে নৌপুলিশের টহল জোরদার করা গেলে ইয়াবা চোরাচালান ও দস্যুতা অনেকাংশে বন্ধ করা যেত।