জঙ্গিরাই এ দেশে আইএসের নামে সন্ত্রাস করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে কোনো আইএস বা আল-কায়েদা নেই। জঙ্গিরাই এ দেশে আইএসের নামে সন্ত্রাস ও নাশকতা করছে। গাইবান্ধার সাঘাটা থানার নবনির্মিত ভবন চত্বরে গতকাল রোববার দুপুরে জঙ্গিবিরোধী এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, একাত্তরে জনগণ যেমন দেশ স্বাধীন করতে কাজ করেছে, তেমনি জঙ্গি দমনেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনো মূল্যে জনগণ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জঙ্গি ও সন্ত্রাস নির্মূল করা হবে।
সাঘাটাবাসীর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘এই এলাকার দুর্নাম আছে। যেখানে জঙ্গি ধরা পড়ছে, সেখানেই সাঘাটার ছেলেদের নাম পাওয়া যাচ্ছে। আপনাদের আত্মীয়স্বজন ও ছেলেমেয়েদের সতর্ক থাকতে বলবেন।’
মন্ত্রী বলেন, ‘আমি বাংলাদেশের এমাথা থেকে ওমাথা ঘুরে বেড়াচ্ছি। সবখানে বলছি, যেকোনো মূল্যে জঙ্গি দমন করতে হবে। না হলে আমরা ও দেশ এগোতে পারবে না। বাংলাদেশ যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশি ও বিদেশি চক্রান্ত চলছে।’
জেলা পুলিশ আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম। বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।