জঙ্গিসংশ্লিষ্টতা পায়নি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পুলিশে সোপর্দ করা ব্যক্তির বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে আশুলিয়া থানা-পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গত সোমবার ছালাতুর রহমান ওরফে স্ট্যালিন (৫০) নামের এক ব্যক্তি চিকিৎসার জন্য আর্থিক সাহায্য নিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন। একপর্যায়ে তিনি সাহায্য নিতে উপরেজিস্ট্রার আবুল কালাম আজাদের কক্ষে যান। সেখানে জঙ্গি সন্দেহে তাঁকে আটক করেন আবুল কালাম। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন আবুল কালাম। ওই দিন বেলা তিনটার দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক ছালাতুরকে থানায় নিয়ে যান। সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির বলেন, ছালাতুর রহমান জিরানি থাকেন। তাঁর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়নি। তবে সম্ভবত তাঁর কিছুটা মানসিক সমস্যা আছে।
ছালাতুরের ছেলে মশিউর রহমান বলেন, পুলিশ মুচলেকা নিয়ে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তাঁর বাবাকে ছেড়ে দিয়েছে।