জঙ্গি-সন্ত্রাসীরা যেন পাসপোর্ট না পায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পাসপোর্ট নিয়ে কোনো জঙ্গি বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ানো কেউ যাতে বিদেশে না যেতে পারে, সে জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল শনিবার দুপুরে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ, ২০১৭’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একজন ব্লগার হত্যাকারী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল। এমন যেন না হয় সে জন্য সজাগ থাকতে হবে। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায়, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের আগে আন্তর্জাতিক কুরিয়ার সংস্থা ফেডেক্সের সঙ্গে একটি চুক্তিতে সই করে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর।
রাজধানীর আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যালয়ে এই অনুষ্ঠান হয়। সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। তিনি বলেন, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর ১ কোটি ৬৪ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও প্রায় সাড়ে ৪ লাখ মেশিন রিডেবল ভিসা দিয়েছে। এর মাধ্যমে ৮ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।