জঙ্গীবাদবিরোধী প্রচারণায় তুরিন আফরোজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় দুই দিনব্যাপী জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। এ সময় তিনি বিভিন্ন সমাবেশে বক্তব্য দেন।

জঙ্গিবাদবিরোধী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের চাওরাডাঙ্গি গ্রামে তুরিন আফরোজ বালিকা উচ্চবিদ্যালয় মাঠ ও পরে একই উপজেলার গোলনা ইউনিয়নের ভাদুর দরগাহ মাঠে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তিনি।

এর আগে গত শুক্রবার জেলার কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলার বিভিন্ন ইউনিয়নেও একই ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসব সমাবেশে তুরিন আফরোজ বলেন, ‘ইসলাম শান্তির ধর্ম, মানবতার ধর্ম। একজন প্রকৃত মুসলমান কখনোই জঙ্গিবাদকে সমর্থন করতে পারেন না।’ তিনি আরও বলেন, ‘আর যদি কেউ করে থাকেন, তাহলে তিনি নিঃসন্দেহে ইসলামের পথ থেকে দূরে সরে গেছেন। তাই আমাদের উচিত ইসলামের প্রকৃত মর্মার্থ অনুধাবন করে সেই অনুযায়ী জীবন পরিচালনা করা।’