জজ আদালতেও সাংসদ রনির জামিন আবেদন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক পেটানোর মামলায় পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সরকারদলীয় সাংসদ গোলাম মাওলা রনির জামিনের আবেদন গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত নাকচ করে দিয়েছেন। গত ২৮ জুলাই মহানগর দায়রা জজ আদালতে সাংসদ রনির আইনজীবী কবির হোসেন জামিনের আবেদন করেন। গতকাল ধার্য তারিখে শুনানি নিয়ে বিচারক আখতারুজ্জামান জামিন আবেদন নামঞ্জুরের আদেশ দেন। রনির আইনজীবী কবির হোসেন জানান, এই আদেশের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে যাবেন। গত ২০ জুলাই দুপুরে রাজধানীর তোপখানা সড়কের মেহেরবা প্লাজায় ব্যক্তিগত কার্যালয়ের সামনে ইনডিপেনডেন্ট টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মী ইমতিয়াজ মোমিন ও ভিডিও চিত্রগ্রাহক মহসীন মুকুলকে মারধর করেন রনি। ওই দিন সন্ধ্যায় ইনডিপেনডেন্ট টেলিভিশনের সহকারী ব্যবস্থাপক ইউনুছ আলী সাংসদ গোলাম মাওলা রনিসহ অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন। টেলিভিশন চ্যানেলটির অন্যতম মালিক সালমান এফ রহমান এবং আহত ওই দুই সংবাদকর্মীর বিরুদ্ধে চাঁদা দাবি, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে একই থানায় পাল্টা মামলা করেন রনি। ২১ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে রনির জামিন মঞ্জুর করেন আদালত। জামিন পাওয়ার পর বাদীকে হত্যার হুমকির অভিযোগে পরদিন রনির জামিন বাতিলের আবেদন করেন মামলার বাদী ইউনুছ আলী। ঢাকার মহানগর হাকিম গত ২৪ জুলাই রনির জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন। তাঁকে ওই দিনই পুলিশ গ্রেপ্তার করে। এরপর ২৫ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে রনি জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।