২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার মা জোবেদা খাতুনকে গতকাল বুধবার আসামিপক্ষে আংশিক জেরা করা হয়েছে। বাকি জেরার জন্য ১৫ সেপ্টেম্বর পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।
এর আগে গত সোমবার জজ মিয়ার মা জোবেদা খাতুন সাক্ষ্য দেন। গতকাল তাঁকে জেরা করেন মামলার দুই আসামি সিআইডির সাবেক কর্মকর্তা রুহুল আমিন ও আবদুর রশিদের আইনজীবী আবদুস সোবহান তরফদার।
আদালত জজ মিয়া ও বোনকেও এ মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সমন দিয়েছেন। মায়ের সাক্ষ্য-জেরার পর তাঁদের সাক্ষ্য গ্রহণ করা হবে বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা জানান।
রাষ্ট্রপক্ষে এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান মামলা পরিচালনা করেন। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এ ঘটনায় ২২ জন নিহত ও শেখ হাসিনাসহ কয়েক শ আহত হন। মামলা ভিন্ন খাতে নিতে ২০০৫ সালের জুনে নোয়াখালীর গ্রাম থেকে জজ মিয়াকে আটক করে হামলাকারী হিসেবে তাঁর সাজানো জবানবন্দি আদায় করেছিলেন তৎকালীন তদন্ত কর্মকর্তা।