জজ মিয়ার মাকে জেরা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার মা জোবেদা খাতুনকে আসামিপক্ষের কৌঁসুলিদের জেরা অব্যাহত রয়েছে। আজ সোমবার আসামি সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন ও এএসপি আবদুর রশীদের পক্ষে জেরা করা হয়।

৮ সেপ্টেম্বর জজ মিয়ার মা জোবেদা খাতুন আদালতে সাক্ষ্য দেন। আজ আসামি রুহুল আমিন ও আবদুর রশীদের পক্ষে আইনজীবী আবদুস সোবহান তরফদার দ্বিতীয় দিনের মতো জোবেদা খাতুনকে জেরা করেন।

আইনজীবী বলেন, জজ মিয়া এই মামলায় রাজসাক্ষী হবেন, তা আপনি তদন্ত কর্মকর্তার কাছে বলেছেন।

সাক্ষী জোবেদা খাতুন বলেন, হ্যাঁ বলেছি।

আইনজীবী বলেন, আপনি আপনার ছেলেকে বলেছেন, তুমি কেমন আসামি যে সিআইডি তোমাকে টাকা দিবে? আদালতে বলেছেন, জজ মিয়া এর জবাবে বলেছে, তোমার এই কথা জানার দরকার নেই।—এসব কথা আপনি তদন্ত কর্মকর্তার কাছে বলেছেন?

সাক্ষী জোবেদা বলেন, বলেছি।

আইনজীবী বলেন, আপনি বলেছেন যে জজ মিয়ার সাক্ষ্য দেওয়ার জন্য সিআইডি আপনাকে টাকা দিয়েছে। এই কথা সত্য নয়।

সাক্ষী বলেন, টাকা দিয়েছে এই কথা সত্য।

আইনজীবী বলেন, আপনি বলেছেন, আপনার ছেলে জজ মিয়া থানায় গিয়ে দেখা করতে বলেছিল, দেখা করেননি কেন?

সাক্ষী বলেন, ভয়ে আমি থানায় যাইনি।  

আইনজীবী বলেন, জবানবন্দিতে আপনি কি বলেছেন যে আপনার ছেলে ভিডিও ক্যাসেট বিক্রি করত?

সাক্ষী বলেন, হ্যাঁ বলেছি।

আইনজীবী বলেন, জজ মিয়া চোরাচালানের ব্যবসা করতেন। চোরাচালানের অভিযোগে তাঁকে সেনবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে।

সাক্ষী বলেন, না, জজ মিয়া ঢাকায় ভিডিও সিডি বিক্রি করত।

আইনজীবী বলেন, আপনি আদালতে যে সাক্ষ্য দিয়েছেন, তা শেখানো।

সাক্ষী বলেন, সত্য নয়।

আইনজীবী বলেন, আপনি রাষ্ট্রপক্ষের দ্বরা প্রভাবিত হয়ে মিথ্য সাক্ষ্য দিয়েছেন।

সাক্ষী জোবেদা বলেন, এ কথা সত্য নয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন। 

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে জজ মিয়াকে আটক করে বহুল আলোচিত ‘জজ মিয়া নাটক’ সাজানো হয়। ২০০৮ সালে তাঁকে আসামি থেকে বাদ দিয়ে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আদালত এ মামলা থেকে তাঁকে অব্যাহতি দেন। ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।