২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ করেন। আজও শুনানি হওয়ার কথা।
আদালত সূত্র জানায়, এ বছরের ৩০ সেপ্টেম্বর জজ মিয়া বিচারিক আদালতে সাক্ষ্য দেন। তিনি ওই মামলায় ১০৪ নম্বর সাক্ষী। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আসামি উজ্জ্বল আবেদন করলে ওই দিন তা নাকচ হয়। এর বিরুদ্ধে ২০ অক্টোবরের হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন উজ্জ্বল। গতকাল তৃতীয় দিনের মতো শুনানি হয়।
আদালতে আসামি উজ্জ্বলের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী বলেন, ২০০৮ সালে ৯ জুন দাখিল করা প্রথম অভিযোগপত্রে জজ মিয়াকে অভিযুক্ত (আসামি) করা হয়নি। এ নিয়ে তখন কোনো পক্ষই আপত্তি উত্থাপন করেনি। ২০১১ সালের ২ জুলাই সম্পূরক অভিযোগপত্রে জজ মিয়াকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।