জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন নিষ্পত্তি
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে এক আসামির করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, আদালত সাক্ষ্য বাতিলের আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছেন। ফলে জজ মিয়ার সাক্ষ্য চলতে আইনগত কোনো বাধা নেই।
আইনজীবী সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর জজ মিয়া বিচারিক আদালতে সাক্ষ্য দেন। জজ মিয়া ওই মামলায় ১০৪ নম্বর সাক্ষী। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আসামি উজ্জ্বল ওরফে রতন আবেদন করলে তা নাকচ হয়। এর বিরুদ্ধে ২০ অক্টোবর হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন উজ্জ্বল। আজ এ আবেদনের ওপর আদেশের দিন ধার্য ছিল।
আবেদনকারীর পক্ষে শুনানি করেছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক গোয়েন্দা, পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন বর্তমানে পলাতক।