জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদনের আদেশ ২৩ নভেম্বর

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে এক আসামির করা আবেদনের ওপর ২৩ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট।
আজ সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুস সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি গ্রহণ শেষে আদেশের এ দিন ধার্য করেন।
আইনজীবী সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর জজ মিয়া বিচারিক আদালতে সাক্ষ্য দেন। জজ মিয়া ওই মামলায় ১০৪ নম্বর সাক্ষী। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আসামি উজ্জ্বল ওরফে রতন আবেদন করলে ৩০ সেপ্টেম্বর তা নাকচ হয়। এর বিরুদ্ধে ২০ অক্টোবরের হাইকোর্টে আবেদনটি (রিভিশন) করেন উজ্জ্বল।
আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।
আসামিপক্ষের আইনজীবীর যুক্তি, নিজেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত করে জজ মিয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। আরও দুজন (আবুল হাশেম রানা ও শফিকুল ইসলাম শফিক) এমন জবানবন্দি দিয়েছিলেন। তদন্ত কর্মকর্তাওই জবানবন্দি শেখানো, মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, উল্লেখ করে প্রথম অভিযোগপত্র থেকে তাঁদের বাদ দেন। সম্পূরক অভিযোগপত্রে জজ মিয়াকে সাক্ষী করা হয় ও তিনি সাক্ষ্য দেন। জবানবন্দি দেওয়া আসামিকে রাজসাক্ষী ঘোষণা ব্যতীত কোনো মামলায় সাক্ষী করার নজির নেই। এ মামলার ক্ষেত্রে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া ১৬১ ধারার জবাবন্দিকে প্রাধান্য দেওয়া হয়েছে। ১৬১ ধারার জবানবন্দি ১৬৪ ধারার জবানবন্দির ঊর্ধ্বে হতে পারে না।
রাষ্ট্রপক্ষের যুক্তি, ২০০৮ সালের ৯ জুন দাখিল করা প্রথম অভিযোগপত্রে জজ মিয়াকে অভিযুক্ত (আসামি) করা হয়নি। এই অভিযোগপত্র গ্রহণ করার ফলে জজ মিয়া আসামি থেকে অব্যাহতি পান। জজ মিয়াকে অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। তাই তিনি আসামি নন। তার সাক্ষ্য দিতে আইনগত বাধা নেই। আসামিপক্ষ থেকে তাঁকে জেরা করার সুযোগও রয়েছে। ২০১১ সালের ২ জুলাই সম্পূরক অভিযোগপত্রে জজ মিয়োকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়। এ বিষয়ে বা অভিযোগ গঠনের সময়ও কোনো আপত্তি উত্থাপন করা হয়নি। ইতিমধ্যে জজ মিয়ার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামি উজ্জ্বলের বিরুদ্ধে জজ মিয়া কোনো সাক্ষ্য দেননি। বিচারিক আদালত জজ মিয়ার সাক্ষ্য বাতিলে উজ্জ্বলের আবেদন নাকচ করেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ মামলায় বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ও জঙ্গিনেতা মুফতি হান্নানসহ ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় সিআইডি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধিকতর তদন্ত করে বিএনপির নেতা তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মুজাহিদ, সাবেক গোয়েন্দা ও পুলিশ কর্মকর্তাসহ ৩০ জনকে আসামি করে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। তারেক রহমান, তাজউদ্দিনসহ ১৯ জন বর্তমানে পলাতক।