২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তিন আসামি সিআইডির সাবেক কর্মকর্তা রুহুল আমিন, আবদুর রশিদ ও মুন্সি আতিকুর রহমানের আইনজীবীরা জজ মিয়াকে জেরা করেননি। আজ বুধবার বাকি আসামিপক্ষে এই সাক্ষীকে জেরার জন্য দিন ধার্য করেছেন আদালত।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার এই মামলায় সাক্ষী জজ মিয়াকে আসামিপক্ষে জেরার দিন ধার্য ছিল।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর জজ মিয়া আদালতে সাক্ষ্য দেন। এরপর এক আসামি উজ্জ্বলের আইনজীবী জজ মিয়ার সাক্ষ্য প্রত্যাহারের জন্য আবেদন করেন। আদালত তা নাকচ করে জেরার আদেশ দেন।
গতকাল আসামিপক্ষের আইনজীবীরা জজ মিয়ার সাক্ষ্য প্রত্যাহার-সংক্রান্ত খারিজ আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। আদালত তা নাকচ করে সাক্ষীকে জেরার আদেশ দেন। আদালত বলেন, জজ মিয়ার সাক্ষ্যে সাবেক তিন তদন্ত কর্মকর্তা আবদুর রশিদ, রুহুল আমিন ও মুন্সি আতিকুর রহমানের নাম এসেছে। তাঁদের পক্ষে জেরা করতে আহ্বান জানান আদালত। এ পর্যায়ে তাঁদের আইনজীবীরা জজ মিয়ার সাক্ষ্যের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তাঁর সাক্ষ্য গ্রহণের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন—এই যুক্তিতে জেরা করতে অস্বীকৃতি জানান।
এই মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান আদালতকে বলেন, জজ মিয়াকে ভয়ভীতি দেখিয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার তদন্ত ভিন্ন খাতে নিতে জবানবন্দি নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে তদন্তে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এখন আর এই মামলার আসামি নন। তাই এই মামলায় জজ মিয়ার সাক্ষ্য দিতে আইনগত কোনো বাধা নেই। আসামিপক্ষ এ বিষয়ে প্রশ্ন তুলে বিচার কার্যক্রম বিলম্ব করার কৌশল নিয়েছে।