২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার বোন খোরশেদা আকতারকে গতকাল সোমবার দুজন আসামির পক্ষে জেরা করেছেন আইনজীবীরা। আজ মঙ্গলবার বাকি আসামিদের পক্ষে জেরার জন্য দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন।
এর আগে ২৩ সেপ্টেম্বর খোরশেদা আদালতে সাক্ষ্য দেন। গতকাল তাঁকে জেরা করেন সিআইডির সাবেক দুই কর্মকর্তা রুহুল আমিন ও আবদুর রশীদের আইনজীবী আবদুস সোবহান তরফদার।
আইনজীবী: জজ মিয়া রাজসাক্ষী হবেন, তা আপনি তদন্ত কর্মকর্তার কাছে বলেননি।
খোরশেদা: বলেছি।
আইনজীবী: আপনার মা জজ মিয়াকে বলেছেন, তুমি কেমন আসামি যে সিআইডি তোমাকে টাকা দিবে? জজ মিয়া এর জবাবে বলেছেন তোমার এ কথা জানান দরকার নেই। এসব কথা আপনি তদন্ত কর্মকর্তার কাছে বলেননি, ওই সময় আপনিও ছিলেন।
খোরশেদা: এটা সত্য নয়, আমি ছিলাম না।
আইনজীবী: আপনি বলেছেন জজ মিয়া সাক্ষ্য দেওয়ার জন্য সিআইডি আপনাকে টাকা দিয়েছে। এ কথা সত্য নয়।
খোরশেদা: টাকা দিয়েছে, এই কথা সত্য। তদন্ত কর্মকর্তাকেও এ কথা বলেছি।
আইনজীবী: জজ মিয়া চোরাচালানের ব্যবসা করতেন। চোরাচালানের অভিযোগে তাঁকে সেনবাগ থানার পুলিশ গ্রেপ্তার করে।
খোরশেদা: এ ঠিক না। জজ মিয়া ঢাকায় ভিডিও সিডি বিক্রি করতেন।
আইনজীবী: আপনি আদালতে যে সাক্ষ্য দিয়েছেন, তা মিথ্য ও শেখানো।
খোরশেদা: সত্য নয়।
আইনজীবী: আপনি রাষ্ট্রপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্য সাক্ষ্য দিয়েছেন।
খোরশেদা: আমি সত্য সাক্ষ্য দিয়েছি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এই মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আকরাম উদ্দিন।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনার তদন্ত ভিন্ন খাতে নিতে তৎকালীন তদন্ত কর্মকর্তারা ২০০৫ সালে নোয়াখালী থেকে জজ মিয়াকে আটক করেন। ঘটনায় জড়িত দেখিয়ে তাঁর কাছ থেকে সাজানো জবানবন্দি আদায় করা হয়। যা তখন ‘জজ মিয়া নাটক’ হিসেবে সংবাদমাধ্যমে প্রচার পেয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার আমলে নতুন করে তদন্তের পর ২০০৮ সালে দেওয়া অভিযোগপত্রে জজ মিয়াকে অব্যাহতি দেওয়া হয়। পরের বছর মুক্তি পান জজ মিয়া।