জজ মিয়ার সাক্ষ্য বাতিলের আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ মিয়ার সাক্ষ্য বাতিল চেয়ে এক আসামির করা আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষ্য বাতিল চেয়ে করা আবেদনের পক্ষে সুনির্দিষ্ট কোনো আইন বা নজির নেই। এ পর্যায়ে আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন। আদালত বলেছেন, যুক্তিতর্ক উপস্থাপনকালে ওই সাক্ষীর সাক্ষ্যমূল্য বিষয়ে আবেদনকারীপক্ষ শুনানি করতে পারবে। বিচারিক আদালত সার্বিক বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবেন। ফলে মামলাটির পরবর্তী কার্যক্রম পরিচালনায় আইনগত বাধা নেই।
আবেদনকারীর আইনজীবী মো. আলী প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ আদেশ পেলে আপিল বিভাগে আবেদন করা হবে।
জজ মিয়া গত ৩০ সেপ্টেম্বর বিচারিক আদালতে সাক্ষ্য দেন। তিনি ওই মামলায় ১০৪ নম্বর সাক্ষী। তাঁর সাক্ষ্য প্রত্যাহার চেয়ে বিচারিক আদালতে আসামি উজ্জ্বল ওরফে রতন আবেদন করলে তা নাকচ হয়। এর বিরুদ্ধে ২০ অক্টোবর হাইকোর্টে আবেদন (রিভিশন) করেন উজ্জ্বল। ১৭ নভেম্বর এ আবেদনের শুনানি শেষে আদালত ২৩ নভেম্বর (গতকাল) আদেশের এ দিন ধার্য করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির শুনানিতে অংশ নেন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং দলীয় প্রধান ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ শতাধিক নেতা-কর্মী আহত হন।