জজদের মধ্যে ডিভিশন সৃষ্টি করতে চাইছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে বলেছেন, ‘আপনারা জজদের মধ্যে ডিভিশন (বিভাজন) সৃষ্টি করতে চাইছেন। আমরা কি কোর্টে বসে মন্তব্য করতে পারব না?’

নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানিকালে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এ কথা বলেন। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছেন। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

আইনমন্ত্রী আনিসুল হক গত সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, ‘সম্মান ও অধিকার নিয়ে মাননীয় প্রধান বিচারপতিকে বলতে চাচ্ছি, আমি তো হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ওঠানোর কথা বলি নাই। ডিসিপ্লিনারি রুলস (অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত) দিয়ে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ওঠে না। আপনার এজলাসে বসে এগুলো বলার তো দরকার হয় না।’

পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১১ মে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৪ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এরপর আপিল বিভাগ ২১ মে রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলে আগে দেওয়া স্থগিতাদেশের মেয়াদ ২ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেন। এরপর স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়।

গতকাল শুনানির শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম দুই সপ্তাহ সময়ের আরজি জানান। একপর্যায়ে তাঁকে প্রধান বিচারপতি বলেন, ‘কিছু কিছু মন্ত্রী এজলাসে বসে কথা বলার বিষয়ে মন্তব্য করেন। এটা কি ফেয়ার? আপনাকে প্রশ্ন করছি।’ এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দুই দিক থেকে বক্তব্য আসে। বক্তব্য মিডিয়া লুফে নেয়।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনি কেন এ কথা বলছেন? বিচারে আমরা রাজনৈতিক মন্তব্য দেই না। বিচার বিভাগে যখন যে ইস্যু চলে আসে সে সম্পর্কে, যেমন আজ (মঙ্গলবার) মোবাইল কোর্ট সম্পর্কে না বললে কী থাকল? মাসদার হোসেন মামলা এলে না বললে কী থাকল? আমরা রাজনৈতিক কথা বলছি না।’ তিনি আরও বলেন, ‘মি. অ্যাটর্নি জেনারেল, আপনারা জজদের মধ্যে ডিভিশন সৃষ্টি করতে চাচ্ছেন? পত্রিকায় এসেছে একজন, একজন বলেছেন। কোর্ট প্রসিডিংসে আদালতের কার্যক্রমে যা হয়, তা নিয়ে পার্লামেন্ট ও পাবলিকলি কথা বলার সুযোগ নেই।’

প্রধান বিচারপতি বলেন, অনুচ্ছেদ ১১৬ ও ১১৬-এ এর সব বিবেচনায় মাসদার হোসেন মামলায় রায় হয়েছে। এখন যদি আপনার কাছ থেকে ব্যাখ্যা শুনতে হয় তাহলে দুঃখজনক।

সোমবার ওই অনুষ্ঠানে আইনমন্ত্রী আরও বলেছিলেন, ‘সংবিধানের ১১৬ অনুচ্ছেদে (অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধান) রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা তিনি দিয়ে দিতে পারেন না। তারা সংশোধন করে যেটা দিয়েছিল, সেখানে দেখা গেছে, আমার কাছে ডকুমেন্ট আছে, ১১৬ অনুচ্ছেদে মহামান্য রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেটা তারা নিয়ে নিতে চায়।’