বোমা মেরে নওগাঁ জেলা জজের এজলাস উড়িয়ে দেওয়ার হুমকিদাতাকে শনাক্তের দাবি করেছে পুলিশ। গতকাল শুক্রবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হুমকিদাতা একজন আইনজীবী।গত বৃহস্পতিবার সকালে নওগাঁর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদের বাসায় টেলিফোন করে তাঁর এজলাস উড়িয়ে দেওয়ার হুমকি দেন অজ্ঞাত এক ব্যক্তি। বিষয়টি পুলিশকে জানানো হলে নওগাঁর আদালত প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও হুমকিদাতাকে শনাক্ত করার কাজে নামে।নাম প্রকাশ না করার শর্তে জেলা পুলিশের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁরা হুমকিদাতা ওই আইনজীবীকে শনাক্ত করেছেন। হুমকির কাজে ব্যবহূত মোবাইল ফোন নম্বরটিও তাঁরা জানতে পেরেছেন। বর্তমানে ওই ফোন নম্বর বন্ধ রয়েছে। ওই কর্মকর্তা আরও বলেন, হুমকির ঘটনায় জেলা ও দায়রা জজ কোনো মামলা করেননি। তাই ওই আইনজীবীর বিরুদ্ধে এখনই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না।