জঞ্জাল পেছনে ফেলে নতুন বছরে দেশকে গড়ে তোলার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো বছরের সব জঞ্জাল ও জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন বছরে দেশকে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা নববর্ষ উপলক্ষে গত বৃহস্পতিবার গণভবনে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘নতুন বছর আমাদের জন্য শুভ ফল বয়ে আনুক। কল্যাণকর নতুন বার্তা নিয়ে আসুক। আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, নিশ্চয়ই সফল হব। দেশের মানুষ শান্তি ও নিরাপত্তার মধ্যে ভালো থাকুক, সুন্দর জীবন অতিবাহিত করুক—এটাই আমাদের লক্ষ্য। এ জন্যই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে উৎসবমুখর পরিবেশে দেশবাসী নতুন বছরকে বরণ করে নিচ্ছে। মানুষের ভেতর স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানাতে পয়লা বৈশাখ সকাল থেকেই বিপুলসংখ্যক দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ গণভবনের ফটকে জড়ো হতে থাকেন। অনেকে ফুলের তোড়ার পাশাপাশি বিভিন্ন্ন রকম উপহারসামগ্রী নিয়েও আসেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলের নেতারা ফুল দিয়ে শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানান। এরপর একে একে দলের উপদেষ্টা পরিষদের সদস্য, মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাংসদ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মী, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী নববর্ষের শুভেচ্ছা ও কুশল বিনিময়ের পর অতিথিদের আপ্যায়ন করেন। প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ও শুভেচ্ছাবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।মহানগর আ.লীগের শোভাযাত্রা: বাংলা বর্ষবরণ উপলক্ষে বৃহস্পতিবার সকাল আটটায় রাজধানীর ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি পুরান ঢাকার ইংলিশ রোড, তাঁতীবাজার, গোলাপ শাহ মাজার হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর আগে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, আহমদ হোসেন, হাবিবুর রহমান সিরাজ, মোফাজ্জল হোসেন চৌধুরী, কামরুল ইসলাম, সুজিত রায় নন্দী প্রমুখ।প্রধানমন্ত্রীর উপহার: বার্তা সংস্থা বাসস জানায়, নববর্ষ ও পয়লা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব খায়রুল ইসলাম ও সাইফুজ্জামান শিখর গত বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর পাঠানো এসব উপহার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিশ্রামকেন্দ্রে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।