জট কমাতে যাচাই-বাছাই করে মামলা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জট কমাতে মামলা নেওয়ার আগে যাচাই-বাছাই করে নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন আইন বিশেষজ্ঞরা। এ লক্ষ্যে বিকল্প বিরোধনিষ্পত্তি-ব্যবস্থা দ্রুত চালু করা প্রয়োজন বলে তাঁরা মনে করছেন। গতকাল ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ (আইজিএস) আয়োজিত সেমিনারে আলোচকেরা এ কথা বলেন। জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী)-র সম্মেলন কক্ষে আয়োজিত ওই সেমিনারে দি জুডিশিয়ারি: পলিসি নোট নামের একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়। মামলার জট কমানো, বিচারকদের নিয়োগ ও প্রশিক্ষণসহ নানা বিষয়ে আলোচকেরা মতামত দেন। মামলার জট: ব্র্যাক স্কুল অফ ল-এর পরিচালক শাহদীন মালিক বলেন, ১ জানুয়ারি ২০১০-এ বাংলাদেশে প্রায় ১৮ লাখ মামলা ঝুলন্ত ছিল, যার দুই-তৃতীয়াংশ ফৌজদারি মামলা। এর ১০ ভাগ অভিযোগই মামলা হওয়ার মতো উপযুক্ত নয়। আগে আইনে মামলা নেওয়ার পূর্বে যাচাই-বাছাই করে নেওয়ার ব্যবস্থা ছিল। দুই বছরের কম সাজা হলে বিচারক তিরস্কার করে ছেড়ে দিতে পারতেন। ১৯৭৯ সালে সে ব্যবস্থায় পরিবর্তন আনা হয়। ফৌজদারি মামলা দায়ের করা সহজ হওয়া, যাচাই-বাছাইয়ের সুযোগ না থাকা ইত্যাদি কারণে মামলার সংখ্যা বেড়েই চলেছে। যাচাই-বাছাই করে নেওয়ার ব্যবস্থা আবারও চালু করা দরকার বলে মন্তব্য করেন তিনি।বিকল্প বিরোধনিষ্পত্তি: আলোচকদের প্রত্যেকেই বিকল্প বিরোধনিষ্পত্তি-ব্যবস্থা চালুর ওপর জোর দেন। তাঁরা বলেন, কানাডা, যুক্তরাষ্ট্রের পর এখন ভারতেও এই ব্যবস্থার সুফল পাওয়া যাচ্ছে। উকিলেরা নিজেদের স্বার্থে অনেক সময়ই মামলা করতে উৎসাহিত করেন সাধারণ মানুষকে। এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বলেও মত দেন তাঁরা।বিচারকদের নিয়োগ ও বিচারব্যবস্থায় পরিবর্তন: আইজিএস গবেষণাপত্রে বিচারপতি নিয়োগে সুপ্রিম জুডিশিয়াল কমিশন গঠন কিংবা ভারতের দৃষ্টান্ত অনুসরণ করে বিচারপতিদের সঙ্ঘ গঠন করা যেতে পারে বলে মন্তব্য করা হয়েছে। এ প্রসঙ্গে আইন কমিশনের সদস্য এম শাহ আলম বলেন, কমিশন বিদ্যমান আইনের বাইরে বিচারপতিদের আর কী কী যোগ্যতা থাকা প্রয়োজন, সে সম্পর্কে সুপারিশ করবে আইন, বিচার ও সংসদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। সাবেক রাষ্ট্রদূত ও আইনবিদ হারুন-অর-রশীদ বলেন, বিদ্যমান আইনে বলা আছে, ১০ বছর আগে অ্যাডভোকেট হিসেবে অনুমোদন পেয়েছেন, এমন ব্যক্তি বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। কোথাও বলা নেই, তাঁকে দশ বছর আইনজীবী হিসেবে কাজ করতে হবে। তিনি মেধার ভিত্তিতে বিচারকদের নিয়োগ ও পদোন্নতি দেওয়ার ওপর জোর দেন।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাংলাদেশে এখনো ‘অ্যাকটিভিস্ট’ বিচারপতিদের অভাব রয়েছে। গুটিকয়েক বিচারপতি দেশ ও সমাজের স্বার্থে বিভিন্ন ইস্যুতে নির্দেশনা দিচ্ছেন। এখনো পর্যন্ত বাংলাদেশের বিচারব্যবস্থা দরিদ্রবান্ধব নয়। এ দেশে আইন শুধু গরিবের জন্য প্রযোজ্য, ধনীদের জন্য নয়। বিচারব্যবস্থার মাধ্যমে দরিদ্রদের সেবা দিতে হবে। সে জন্য আদালতের ভাষা বাংলা হতে হবে। কারণ, রায়ে কী লেখা আছে, তা জানতেও উকিলের কাছে দৌড়াতে হয় দরিদ্র মানুষকে।বক্তারা আদালত অবমাননার সংজ্ঞা আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন। তাঁরা বিচারকদের জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন-ব্যবস্থা পরিবর্তন, নিম্ন আদালতের বিচারকদের আচরণ-সংক্রান্ত নতুন বিধি প্রণয়নের সুপারিশ করেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত। গবেষণাপত্রটি উপস্থাপন করেন আইজিএসের গবেষণা সহযোগী মোহাম্মদ সিরাজুল ইসলাম, সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন আইজিএসের পরিচালক মনজুর হাসান।