জট নিরসনে পদক্ষেপ নেওয়া হয়েছে: যোগাযোগমন্ত্রী

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের ঘরমুখো মানুষের যাতে অসুবিধা না হয়, সেদিকে খেয়াল রেখে ঈদের আগেই সবগুলো সড়কের মেরামত কাজ করা হয়েছে এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার নরসিংদী জেলার ভেলানগরে একটি ফুট ওভারব্রিজ এবং জঙ্গি-শিবপুর-রায়পুরা সড়কে দুইটি ব্রিজ উদ্বোধনকালে যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।
মন্ত্রী মোবাইল মেইনটেন্যান্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত রাস্তা সচল রাখার কথাও জানান।
হরতাল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ৬৯-এর গণ-অভ্যুত্থানের পর হরতাল করে কোনো সরকারকে তার মেয়াদের পূর্বে ক্ষমতা থেকে সরানো যায়নি। তিনি বলেন, যে আন্দোলনে কোনো অর্জন নেই বরং সহিংসতা বাড়ে ও দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, সে হরতাল পরিহার করা প্রয়োজন। তিনি হরতাল পরিহার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হাবিবুল হক, ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহবুদ্দিন খান ও নির্বাহী প্রকৌশলী মোহর আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন।