চট্টগ্রাম নগরের দেওয়ানহাট মোড় থেকে শাহ আমানত সেতু সড়ক জটমুক্ত করার অভিযান শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। গতকাল রোববার দুপুর ১২টা থেকে অভিযান শুরু হয়।
দিনব্যাপী অভিযানে শাহ আমানত সেতু সড়ক, বহদ্দারহাট, রাহাত্তারপুল, চামড়ার গুদাম, ষোলশহর দুই নম্বর গেট প্রভৃতি এলাকার সড়কের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা তুলে দেওয়া হয়। পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযান কার্যক্রম পরিদর্শন করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান প্রথম আলোকে জানান, গতকাল রোববার দেওয়ানহাট থেকে শাহ আমানত সেতু সড়ক পর্যন্ত এলাকার বেশ কিছু অংশ যানজটমুক্ত করা হয়েছে। বাকি এলাকায় অভিযান চালানো হবে। অভিযান অব্যাহত থাকবে।
নগরের দেওয়ানহাট মোড়, টাইগার পাস, লালখান বাজার, জিইসি মোড়, মুরাদপুর, বহদ্দারহাট হয়ে শাহ আমানত সেতু পর্যন্ত সড়কে ভ্রাম্যমাণ ভ্যান, দোকান ও অবৈধ স্থাপনা সরিয়ে যানজটমুক্ত করার বিশেষ অভিযান উপলক্ষে গত শুক্র ও শনিবার এসব এলাকায় মাইকিং করা হয়েছে। অভিযানের তদারকিতে রয়েছে পুলিশের অপরাধ দমন বিভাগ (ক্রাইম ডিভিশন) ও ট্রাফিক বিভাগের (যানবাহন বিভাগ) সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অতিরিক্ত ৫০ জন পুলিশ সদস্য।